রাস্তা তৈরির গর্তে পড়ে মৃত্যু সাইকেল আরোহীর,এলাকায় উত্তেজনা

কৌশিক মুখার্জী: কুলটি:-

বাড়িতে রান্নার জন্য জ্বালানি কয়লা আনতে বেরিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। সাইকেল চালিয়ে যাওয়ার সময় নির্মীয়মাণ রাস্তার একটি গর্তে পড়ে যান ঐ ব্যক্তি। পরে তাঁলর মৃতদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আসানসোলের কুলটি থানার মিঠানি গ্রামে। মৃতের নাম জীবন বাউরি (৪৭)। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জীবন বাউরি সালানপুর থানার দেন্দুয়ায় ছোট একটি কারখানায় কাজ করতেন। অন্যদিনের মতো রবিবার রাতে কাজ সেরে তিনি বাড়ি ফিরেছিলেন। তখন জানতে পারেন রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানির জন্য কয়লা নেই বাড়িতে। সাইকেল নিয়ে তিনি রাতেই বেরিয়ে পড়েন সেই কয়লা আনতে। মিঠানি গ্রামে রাস্তা তৈরির কাজ চলছে। খড়মবাঁধ এলাকায় ঢোকার মুখে নির্মীয়মাণ রাস্তার গর্তে সাইকেল নিয়ে পড়ে যান তিনি। আর উঠতে পারেননি। পরে রাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।জানা গেছে, গ্রামের এই রাস্তা তৈরির জন্য একাধিক গর্ত খোঁড়া হয়েছে। রাস্তাটি আড়াআড়িভাবে কাটা হয়েছে। সেখানে প্রায় ১৫ ফুট গভীর। সেই গর্তের মধ্যে আবার ১০ ফুটেরও বেশি জল জমে। রাস্তার খোঁড়া গর্তগুলি ঘিরে রাখা হয়নি বলেও বাসিন্দাদের অভিযোগ। মনে করা হচ্ছে, রাতের অন্ধকারে সেই গর্ত দেখতে না পড়ে গিয়ে মৃত্যু হয় ঐ ব্যক্তির। অনেকক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁর খোঁজ শুরু করেন। পরে তাকে ঐ গর্তে পড়ে থাকতে দেখা যায়। রাতে খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। পরে পুলিশ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে কোন মতে পরিস্থিতি সামাল দেয়। এরপর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে।
এই রাস্তা তৈরির কাজের দায়িত্বে থাকা বেসরকারি ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে মৃত ব্যক্তির পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের তরফে । একইভাবে মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে।পুলিশ জানায়, ঠিক কি করে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন শাসক দল গরিব মানুষের কথা ভাবে না তা আবারো প্রমাণিত।রাস্তা তৈরির জন্য গর্তে পড়ে মৃত্যু এক ব্যক্তির।কি নিয়ম ওই গর্ত বুঝতেই পারলো না সে।কারণ রাস্তায় গর্তকে গার্ড ওয়াল দিয়ে ঢাকা ছিলো না।গর্তে জল ভর্তি,তাই এই দুর্ঘটনা।প্রাণ হারালো এক গরিব মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *