রোজ ডে

সোমা নায়ক (কলকাতা)

— এ্যাই, শোনো না… কি বলছি! আরে শুনছো? এ্যাই…
— হুম। বলো? কি হয়েছে?
— ভীষণ অন্যমনস্ক দেখাচ্ছে তোমায়। কি এতো ভাবছো শুনি? সেই তখন থেকে ডেকেই যাচ্ছি।
— আমি? কই! কিছু না তো। এমনিই।
— বললে হবে? দিব্যি দেখছি, আমার দিকে ধ্যান না দিয়ে তুমি অন্য কোথাও ডুব দিয়েছ …পরম নিশ্চিন্তে
— অন্য কোথাও! অন্য কোথাও কেন হবে? এই তো… তোমাকে দেখছি, দ্যাখো
— তাই? তা কি দেখছো শুনি?
— কত কি, কত্তো কিছু। তোমাকে, তোমার এই শ্যুট বুট পরা প্রেমিক হৃদয়টাকে। আর ভাবছি…
— কি ভাবছো? অদ্ভূত? আজব? তোমার প্রেমে পাগল একজন মানুষ?
— ভাবছি, তুমি ছুঁয়ে দিলে আমার অগোছালো শব্দ গুলো কেমন কবিতা হয়ে যায়।
— তুমি নিজেই তো একটা কবিতা। যেন সত্যিকারের কোন কবি তার কল্পনার চোখ দিয়ে তৈরি করেছে তোমার মন। কথা বললেই কেবল কাব্য ঝরে পড়ে। আর হাসলে, যেন ঝর্ণা বয়ে যায়
— ধ্যাৎ। কি যে বলো না তুমি! কাব্যি করা কেউ তোমার থেকে শেখে।
— তোমার চোখের ধার এমন যে তার চাউনিতে আমার হৃদয়টা যেন ফালাফালা হয়ে যায়। কিছু বলতে গিয়ে আমি বারবার হোঁচট খাই। হুমড়ি খেয়ে পড়ি।
— ইস্! খুব কথা না? আর তোমার এইসব কথা শুনে যে মরমে মরে যাই আমি। কেমন সম্মোহনের মতো অবশ হয়ে চুপচাপ কেবল তোমাকে শুনতে ইচ্ছে করে, তাকিয়ে থাকতে ইচ্ছে করে, অবগাহন করতে চায় মন
— তাই? তবে কেন আমায় এত্তো দূরে সরিয়ে রাখো! আমার বুঝি কষ্ট হয় না। মাঝে মাঝে খুব অভিমান হয় জানো? সারা দুনিয়ার জন্য তোমার সময় আছে, শুধু আমার বেলায় তুমি ভীষণ ব্যস্ত। যেন আমার কোনো অস্তিত্বই নেই তোমার কাছে
— তা কেন! কিন্তু দুনিয়াকেও তো অস্বীকার করতে পারি না বলো? আমাকে কেন্দ্র করে যাদের জীবন যাপন তাদের কি করে এড়িয়ে যাব!
— আর আমি? হাপিত্যেশ তাকিয়ে থাকি। কখন একটু দেখা পাব, কখন একটু কন্ঠ শুনবো, কখন একটু ভালোবাসবো
— চুপ। একদম চুপ। আর একটাও কথা নয়। সারাক্ষণ কেবল কায়দাবাজি। ভালোবাসার কথা এভাবে কেউ বলে! লজ্জা শরম বলে কি কিছুই নেই।
— কি যে বলো তুমি! ভালোবাসার কথা বলতে লজ্জা কেন পাবো। তুমি তো জানো, এই ভালোবাসার জন্যই কত বড়ো বড়ো যুদ্ধ যাত্রা হয়েছে। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য কত ষড়যন্ত্র। কত কাব্য কবিতা গল্প উপন্যাস, ব্যথা, বেদনা, বিজয়।
— হয়তো। এই ভালোবাসার জন্যই কারুর কারুর বেঁচে থাকা। মরে যাওয়া। সমর্পিত হওয়া
— তোমার ইচ্ছে করে না, আমাদের জীবনেও তেমনি ভালোবাসার বর্ষণ হোক? আমরাও সিক্ত হই, বারবার, একসাথে, ভালোবাসায়।
— চোখ বন্ধ করলেই কেবল তোমাকে দেখতে পাই, সমস্ত স্বপ্ন কেবল তোমায় ঘিরে, জীবনের সকল আলোর উৎস কেবল তোমায় ভাবি। সমস্ত সুখ দুঃখের কারণ, আমার বেঁচে থাকার আশ্রয় একমাত্র তুমি। জানি না, ভালোবাসা ঠিক কাকে বলে। তবে এইটুকু বুঝি, এই জীবনে আমার আর কোনো আক্ষেপ নেই। তোমাতে সমর্পিত হয়ে আমি তৃপ্ত। আমি পরিপূর্ণ।
— এভাবেই থেকে যেও। রেখে দিও আমাকে। ভালোবাসি তোমায়। খুব খুব ভালোবাসি।
— এ্যাই জানো, আজ রোজ ডে?
— তুমিই আমার কাছে রোজ, আমার গোলাপ, আমার জীবনের উজ্জ্বল সূর্যমুখী।
— ধ্যাৎ।
— পাগলী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *