শবরদের উন্নয়নে এগিয়ে এল বাঁকুড়ার ব্লক প্রশাসন

সাধন মণ্ডল, রাইপুর, বাঁকুড়া -: সমাজের অন্যতম পেছিয়ে পড়া উপজাতি হলো শবর সম্প্রদায়। বর্তমানে বিভিন্ন ধরনের সামাজিক ও অর্থনৈতিক সমস্যা তাদের ঘিরে ধরেছে। দারিদ্র্যতা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার অভাব তাদের ঘিরে ধরে আছে। বর্তমানে তাদের জীবনযাত্রার সামগ্রিক উন্নতির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।  তারই অঙ্গ হিসাবে সম্প্রতি বাঁকুড়ার রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দের উদ্যোগে দপ্তরের বিভিন্ন বিভাগের কর্মীরা হাজির হন মটগোদা গ্রাম পঞ্চায়েতের জিলাখানা শবর কলোনিতে। সেখানে গিয়ে তারা শবর কলোনির বাসিন্দাদের কাছ থেকে নানান অভাব অভিযোগ ও সমস্যা মনোযোগ সহকারে শোনেন ও সেগুলি লিপিবদ্ধ করেন। কীভাবে সমস্যাগুলির সমাধান করা যায় ও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তাদের দেওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় তারা মটগোদা গ্রামে এসে হাজির হন। যেসব গ্রামবাসী রেশন কার্ড, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পগুলির সুযোগ এখনো পায়নি বিশেষ শিবিরের মাধ্যমে তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। ব্লক প্রশাসনের এই উদ্যোগে গ্রামবাসী শেফালী শবর, কবিতা শবর, জ্যোৎস্না শবর, বিশাখা শবর প্রমুখরা খুব খুশি। তারা বলেন, আমরা কৃতজ্ঞতা জানাই বিডিও সাহেবকে। তাদের আন্তরিক প্রচেষ্টার জন্যেই আমরা হয়তো এইসব সরকারি সুযোগ সুবিধাগুলি পাব। শিবিরে উপস্থিত ছিলেন রাইপুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় বেপারী, উৎপল রায়, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শান্তিনাথ মন্ডল, মোটগোদা গ্রাম পঞ্চায়েত প্রধান উমা দত্ত, উপপ্রধান সত্য মল্ল, আশা মন্ডল, এফ ই ও অনিমেষ জানা প্রমূখ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *