সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -:
গুসকরা শহর যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং শহর তৃণমূল কংগ্রেসের সক্রিয় সহযোগিতায় একটি ‘স্বেচ্ছায় রক্তদান শিবির’ এর আয়োজন করা হয়। পাশে ছিল গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটি।
বিদ্যাসাগর হলে আয়োজিত এই শিবির থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় মোট ৭২ ইউনিট রক্ত সংগৃহীত হয়। রক্তদাতাদের মধ্যে ৮ জন মহিলা ছিলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত মাত্র কয়েকদিন আগেই গুসকরায় একটি ‘স্বেচ্ছায় রক্তদান শিবির’ অনুষ্ঠিত হয়। পাশাপাশি সকাল থেকেই ছিল প্রবল ঠাণ্ডা। তারপরও রক্তদাতাদের সংখ্যাটা ছিল যথেষ্ট উৎসাহব্যঞ্জক। তাছাড়া রক্তদান করতে এসেও বিভিন্ন কারণে প্রায় ২০ জনের মত রক্তদাতা রক্তদান করতে পারেননি। হতাশ হয়ে তারা ফিরে যান।

রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, আউসগ্রাম-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জ্জী এবং গুসকরা শহর তৃণমূল যুব সহ সভাপতি ইজাজ হোসেন, সভাপতি মল্লিকা চোংদার, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার সহ আরও অনেকেই। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা রক্তদান শিবিরের উদ্যোক্তা সহ রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করেন।
রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে মল্লিকা দেবী বলেন, প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে যেভাবে রক্তদাতারা এগিয়ে এসেছেন তার জন্য আমরা গর্বিত। আশাকরি আগামীদিনেও প্রতিটি রক্তদান শিবির এইভাবেই সফল হবে।