শিক্ষক সংকটে বন্ধ একাদশ শ্রেণির ভর্তি,বিপাকে অভিভাবকরা

কৌশিক মুখার্জী: কুলটি:-

মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর শুরু হয়েছে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া। কিন্তু এই সময়ে বরাকরের শ্রী মাডোওয়ারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটি নোটিশ অভিভাবকদের মাঝে হতাশা ও উদ্বেগ ছড়িয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক সংকটের কারণে এই বছর থেকে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণায় কার্যত হতবাক এলাকার অভিভাবকরা, যারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছেন।এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বরাকরের শিক্ষার্থীদের জন্য শিক্ষার একমাত্র ভরসাস্থল। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হিন্দি ও বাংলা মাধ্যমে পঠন-পাঠন পরিচালিত হয় এখানে। কিন্তু বর্তমানে মাত্র ১২ জন শিক্ষক দিয়ে এই বিশাল শিক্ষা কার্যক্রম চালানোর চ্যালেঞ্জে হিমশিম খাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে, শিক্ষক সংখ্যার অপ্রতুলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি বন্ধের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।
অভিভাবকরা এই সিদ্ধান্তের কারণ জানতে বিদ্যালয়ে ছুটছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, এলাকার এত পুরনো এবং নির্ভরযোগ্য এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের সমস্যা কেন সমাধান করা হচ্ছে না। একজন অভিভাবক বলেন, “এই বিদ্যালয় আমাদের এলাকার শিক্ষার্থীদের জন্য একমাত্র আশ্রয়। এখানে ভর্তি বন্ধ হলে আমাদের সন্তানদের পড়াশোনার ভবিষ্যৎ কী হবে?”বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিষয়ে স্কুল পরিচালন কমিটি ও অভিভাবকদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। তারা বলছেন, শিক্ষক সংকটের সমস্যা সমাধানের জন্য উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে।এই পরিস্থিতিতে অভিভাবকরা আশা করছেন, শীঘ্রই শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয়টি তার পূর্বের গৌরব ফিরে পাবে।কিন্তু তার আগে, এলাকার শিক্ষার্থী ও অভিভাবক দের এই অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। শিক্ষক সংকটের এই সমস্যা শুধু বরাকর নয়,রাজ্যের অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই একটি চলমান সংকট। এর সমাধান না হলে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *