শিলিগুড়িতে সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস ২০২৫

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি:- “থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে” — কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটির সম্পর্কে জানে না এমন মানুষ খুব কম আছে। আর সেই জগৎ দেখার তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তিকে নয়া দিশা দেখাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সেই বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে পিছিয়ে যে নেই উত্তরবঙ্গ, তার প্রমাণস্বরূপ এবারের সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস ২০২৫ (রিজিওন – ১)। 

এবার পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের সঙ্গে শিলিগুড়ি মহাবিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস ২০২৫ এর রাজ্যস্তর সমারোহ ২৪ ও ২৫ জানুয়ারি মহাবিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মূলত, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কি কি অগ্রগতি হচ্ছে, তা তুলে ধরতেই এই কংগ্রেসের আয়োজন। 

শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষ ও কলেজ পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর সহ আইএসআই কলকাতার অধ্যাপক পবিত্র বণিক, আই আই টি খড়্গপুরের অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রনধীর চক্রবর্তী, টিআইএফআর’য়ের অধ্যাপক শংকর ঘোষ সহ এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষাবিদদের উপস্থিতিতে এদিন এই আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধন হয়। এছাড়াও বিজ্ঞান কংগ্রেসের অনুষঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও শিলিগুড়ি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পর শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব বলেন, “মূলত ৪টি জেলা নিয়ে এবারের সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত হল শিলিগুড়ি কলেজে। যাঁরা বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন, তাঁদের কাছে এটি একটি বড় মঞ্চ। এর আগেও শিলিগুড়ি কলেজ অনেক বহুমুখী কাজ করেছে। এবারের আয়োজন আরও একটি পালক মুকুটে জুড়ে দিল।”

এদিন সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের আঞ্চলিক সমন্বয়ক তথা নোডাল অফিসার ডঃ ঝিনুক দাশগুপ্ত বলেন, “দুইদিনের এই কংগ্রেসে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং এই পাঁচ জেলা থেকে যোগ দিয়েছেন মোট ১৬৯ জন প্রতিনিধি। এদের মধ্যে যে তিনটি পেপার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে নির্বাচিত হয়েছে, তাদের নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।। এছাড়াও তাঁরা পরবর্তীতে রাজ্যস্তরের কংগ্রেসে অংশগ্রহণ করতে পারবেন।”

শিলিগুড়ি কলেজের টিচার্স কাউন্সিল ও সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের আয়োজক কমিটির সম্পাদক ডঃ দর্শন চন্দ্র বর্মন বলেন, “এই কংগ্রেস সাধারণত নতুন যাঁরা গবেষক তাঁদের জন্য এক নব দিশারী। কারণ উত্তরবঙ্গে এত বড় মঞ্চ দ্বিতীয়টি আর নেই।”

অন্যদিকে, শিলিগুড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষ বলেন, “চলতি বছরে শিলিগুড়ি কলেজ ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। আর এই বছরেই এমন আয়োজন করতে পারা অত্যন্ত গর্বের বিষয়। তাও আবার সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের পৌরহিত্য করার মতো সুযোগ। বিজ্ঞানের বিভিন্ন পর্যায়ের গবেষণার পুঙ্খানুপুঙ্খ আলোচনা, বর্ণনা সহ উত্তরবঙ্গের গবেষকদের একটি মঞ্চ প্রদান করাই এই আয়োজনের মূল লক্ষ্য। গতবারের তুলনায় চলতি বছরে প্রতিনিধি সহ গবেষণাপত্রের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আগামীতে এহেন অনুষ্ঠানের আরও শ্রীবৃদ্ধি কামনা করি।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *