সঙ্গীতা কর (কলকাতা)

ফিরিয়ে দাও সেই আকাশটা
ঘন নীলে ভরা,
দিনে পাবো বিশুদ্ধ বাতাস
রাতে দেখবো তারা।
ফিরিয়ে দাও সেই মাঠটা
তেপান্তরের মতো,
সকাল-বিকাল খেলার ছলে
ছুটবো অবিরত।
ফিরিয়ে দাও পুকুর ঘাটের
নিঝুম দুপুর বেলা,
পাড়ার সকল ছেলে মিলে
করবো সেখানে খেলা।
ফিরিয়ে দাও ছাদের ঘর
গল্প শোনার স্থান,
শীতল পাটি বিছিয়ে আবার
জুড়িয়ে নেবো প্রাণ।
ফিরিয়ে দাও আত্মীয়-স্বজন
ঠিক আগের মতন,
মন খুলে বলবো কথা
করবে তারা যতন।
ফিরিয়ে দাও সেই সময়টা
পুরোনো দিনের মতো,
ইন্টারনেটকে সবটা দিয়ে
কোরোনা বুকে ক্ষত।