ছবি বিশ্বাস (সুবর্ণবিহার, নদীয়া)

শারদলক্ষ্মীর অবসান হতেই
হেমন্তের আবির্ভাবের সেই সদ্য শীতের ছোঁয়ায় সাজো সাজো সন্ধ্যা বেলার কথা -মনে পড়ে যায় !
মনে পড়ে তোমার নামে উচ্চারণে নিবিড় সুখ,
লাল হয়ে ওঠা মুখ,
মনে পড়ে জানালার কাঁচে জ্যোৎস্না বাতি,
বিছানায় বাঁকা চাঁদের আলোর স্রোতে –
কথার সাগর দোলা,
সোনালী স্মৃতির জলে ধুয়ে
পূর্ণিমার মতো উদ্ভাসিত হয় মুখ,
হঠাৎ রাতের বাতাসের দৌরাত্ম্যে গন্ধ শুঁকে —
ঝরা পাতা বয়স বাড়ার গল্প রটায়।
ভয়ে ভয়ে তোমাকে দেখি
দেখতে পাই–
তোমার মোটা চশমার ফ্রেমের
আড়ালে কৈশোরের জ্বলজ্বলে চোখ,
ঠোঁটের সীমান্তে শিশুর হাসি দেখে ভুলে যাই বয়সের সংখ্যা।
তুমি এমনিই থেকো সজিব প্রাণবন্ত।
আমরা হেঁটে যেতে চাই
ভালোবাসার পথ ধরে বহু দূর–
এই ভাবে চলতে চলতে
দুজন দুজনকে বুড়ো হতে দেখবো
নিস্প্রভ অনুজ্জ্বল চোখে চোখ রেখে,
আবার নতুন করে প্রেমে পড়বো
আমরা তখন খুব হাসবো–
আর হাসতে হাসতে দুজন দুজনকে –
শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করবো ❤