সবই হবে কিন্তু কবে

সোমা নায়ক (কলকাতা)

একদিন ঠিক তোমার জন্য আস্ত একটা কাব্য হবে
উপন্যাসের শেষ পাতাতে মিলনান্তক গল্প হবে।
চায়ের কাপে ঠোঁট ছোঁয়ানোর নরম একটা মানুষ হবে
ভাববে তুমি, বুঝলাম সব, সবই হবে কিন্তু কবে?

বায়না করা, ঠোঁট ফোলানো, কথায় কথায় কান্না করা
সত্যি একটা মানুষ হবে ভাতের থালা সামলে ধরার
ক্লান্ত দিনে মাথার ব্যথায় নরম হাতের স্পর্শ রবে
ভাববে তুমি, বুঝলাম সব, সবই হবে কিন্তু কবে?

কাজের থেকে ফিরলে পরে জলের বোতল এগিয়ে দেবে
তুমি যে তার ভীষণ আপন, বুঝিয়ে দেবে- অনুভবে
নরম আলোয়, নরম কথায় বুকের কষ্ট জুড়িয়ে দেবে
ভাববে তুমি, বুঝলাম সব, সবই হবে কিন্তু কবে?

এখন যা যা হচ্ছে, হবে, সেসব কিছুই চাই না তোমার?
মনের মতো নয় ততটা? এখন যে জন সঙ্গী তোমার?
সেও দেখো সময় মতো হিসেব কষেই বদলে যাবে
ভাববে তুমি, বুঝলাম সব, সবই হবে কিন্তু কবে?

ক্ষতের ব্যথায় মলম দেওয়ার মনের মতো মানুষ হবে
ঘুম না আসা বিনীদ্র রাত? ঘুমপাড়ানি গানও হবে
যোগ্য একটা সঙ্গী হবে, জীবন- অভাব, রোজ উৎসবে
ভাববে তুমি, বুঝলাম সব, সবই হবে কিন্তু কবে?

ঠিক এভাবেই জীবন কাটে, বদলায় কই! কিচ্ছু না তো!
ঠিক এভাবেই মানিয়ে নেওয়া, রাখছে জীবন রোজের শর্ত
তুমি, আমি, আমরা ক’জন ভাবছি সবই সঠিক হবে।
মন বলবে, বুঝলাম সব, সবই হবে কিন্তু কবে?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *