সব্জীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি – বাজারে জেলাশাসক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান:- বিভিন্ন সব্জীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য নাভিশ্বাস উঠতে শুরু করে সাধারণ মানুষের। বাজারে গিয়ে সবার একটাই প্রশ্ন খাব কী? রীতিমত সাংবাদিক সম্মেলন করে কৃষিদপ্তরের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তারপরই নড়েচড়ে বসে রাজ্যের টাস্কফোর্স। রাজ্যের বিভিন্ন বাজারে শুরু হয় নজরদারি। সঙ্গে থাকে কড়া হুঁশিয়ারি। তারপরেও আলু সহ অন্য নিত্য প্রয়োজনীয় শাকসব্জীর দাম আকাশছোঁয়া বলে অভিযোগ সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে গত ২৫ শে জুলাই সন্ধ্যায় টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে নিয়ে শাকসব্জী সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাচাই করার জন্য আসানসোলের প্রধান বাজারে হানা দেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম। তার সঙ্গে ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি ( সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর, আসানসোল-দুর্গাপুর পুলিশের ইবি শাখার সদস্যরা, এগ্রি মার্কেটিং, লিগ্যাল মেট্রোলজি সহ জেলা টাস্ক ফোর্সের অন্যান্য সদস্য ও আধিকারিকরা। জেলাশাসক বেশ কিছুক্ষন ধরে বিভিন্ন পাইকারি ও খুচরো বাজারে বিক্রেতার সঙ্গে কথা বলেন। বিশেষ করে তিনি আলুর আড়তদারদের সঙ্গে কথা বলে আলুর দামের কথা জানতে চান। তাদেরকে দাম নিয়ে তিনি কড়া হুঁশিয়ারি দেন। অহেতুক দাম না বাড়ানোর জন্য বলা হয়েছে। পরে জেলাশাসক তথা জেলা টাস্ক ফোর্সের চেয়ারম্যান বলেন, আসানসোল বাজারের হোলসেল ও খুচরো বাজার ঘুরে দেখেছি এবং সবার সঙ্গে কথা বলেছি। কত দামে কিনে কত দামে তা বিক্রি করা হচ্ছে, তা জেনেছি। বিশেষ করে আলুর দাম খতিয়ে দেখা হয়েছে। কিছু ক্ষেত্রে অসংগতি পাওয়ায়, সেইসব দোকান মালিকদের নাম নেওয়া হয়েছে। যদিও টাস্ক ফোর্সের অভিযানের পরেই দাম আবার বেড়ে যাচ্ছে বলে সাধারণ ক্রেতাদের অভিযোগ। এর উত্তরে জেলাশাসক বলেন, এমনটা যাতে না হয়, তা দেখা হচ্ছে। খবর পেলেই আধিকারিকরা ছুটে যাচ্ছেন। পাশাপাশি তিনি আরও বলেন, শুধু আসানসোল বাজার নয় জেলার সব শহর ও গ্রামের বাজারে অভিযান চালানো হয়েছে ও আগামী দিনে তা চলবে। প্রসঙ্গতঃ, এর আগেও আসানসোলের মহকুমাশাসক (সদর) আসানসোল ও বার্ণপুরের একাধিক বাজারে টাস্ক ফোর্সের সদস্যদেরকে নিয়ে অভিযান চালিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *