সাইবার প্রতারণা- জামতাড়া গ্যাং – এর যোগ

নিজস্ব সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার:- আবার আসানসোল শিল্পাঞ্চলে সাইবার প্রতারণার অভিযোগ উঠল। তদন্তে নেমে ইসমাইলের ষষ্ঠীনগর থেকে অপরাধ চক্রের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করল হিরাপুর থানার পুলিশ। ধৃতরা হলো জামুড়িয়ার ডোবরানা গ্রামের বিনোদ পাত্র, ঝাড়খণ্ডের জামতাড়া জেলার পাত্রডিহি গ্রামের প্রদুম যাদব ও সন্তোষ যাদব। ধৃতদের কাছ থেকে পুলিশ ৮ টি মোবাইল ফোন, লক্ষাধিক টাকা, ৮ টি ডেবিট কার্ড, ২ টি ক্রেডিট কার্ড এবং একটি মোটরবাইক উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৯, ৪১৯, ৪২০, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ১২০/বি ও ৩৪ নং ধারায় মামলা করে আসানসোল আদালতে পেশ করা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই চক্রের সঙ্গে 'জামতাড়া গ্যাং-এ র যোগ পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইসমাইলের ষষ্ঠীনগরে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে এই চক্র বিভিন্ন জনকে ফোন করে ব্যাঙ্কের একাউন্ট, এটিএম কার্ড ও গ্যাসের কানেকশনের জন্য কেওয়াইসির কথা বলত। তারপর ওটিপি চেয়ে নানা ধরনের কথার জালে জড়িয়ে দিয়ে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নিতো। গোপন সূত্রে খবর পেয়ে হিরাপুর থানার টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য ষষ্ঠীনগরের ঐ বাড়িতে হানা দেন ও হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে। আরও জানা গেছে, দিন তিনেক আগে এই বাড়ি নেওয়া হয়। বয়স্ক বাড়ির মালিক দূর্গাপুরে থাকেন। যদিও তদন্তে নেমে পুলিশ বাড়ির মালিকের সঙ্গে এই চক্রের কোন যোগ খুঁজে পায়নি। এই তিনজনের গতিবিধি সন্দেহজনক বলে হিরাপুর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে এবং তাদের উপর নজর রাখতে শুরু করে। তারপরই তাদের গ্রেপ্তার করা হয়। আসানসোল শিল্পাঞ্চল ঘটে যাওয়া সাইবার অপরাধের সঙ্গে 'জামতাড়া গ্যাং'-

এর যোগসূত্রে একাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হলেও পুলিশ এই অপরাধ আটকাতে পারছেনা। কিছুদিন চুপ থাকার পরে নতুন করে অপরাধীরা প্রতারণার ফাঁদ পাতছে। ফলে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। সন্দেহজনক ফোন পেলেই থানার সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *