সাদা পাতার গল্প

কৃষ্ণা গুহ (কলকাতা)

একমাত্র সাদা পাতাই জানে ধূসর আকাশকে উজ্জ্বল দ্যুতিতে ভরিয়ে দিতে!!

হ্যাঁ, হ্যাঁ, সাদা পাতাই জানে বিবর্ণ ঘাসের শিশির বিন্দুকে আলোর নূপুর পরিয়ে দিতে ।

শুধুমাত্র সাদা পাতাই জানে উসর মরুভূমিতে ফুল ফোটাতে !

সাদা পাতা সুখ লেখে ,দুঃখ মেটায় ,কান্না মুছে দেয়!
সুখের মলম লাগিয়ে দিতে জানে সেও সাদা পাতা!!

একমাত্র সাদা পাতাই জানে চৈত্র শেষে শব্দগুলোকে গুঁড়িয়ে এনে নতুন বছরকে স্বাগত জানাতে।

সাদা পাতাই জানে কলমের কালিও মাঝে মাঝে রাঙা হয় প্রতিবাদী শব্দে,মোমবাতি মিছিলে, কলমের কালি টগবগ করে ফুটে ওঠে !!
সেটাও সাদা পাতারই জানা ।

এভাবেই হয়তো পাতার পর পাতা সুখ-দুঃখ সংগ্রামের কথা লিখে যাবে সাদা পাতা—
আবার একটা সাদা পাতা মানবতাকে নির্বাসন থেকে ফিরিয়ে দেবে মাটির কাছে!!
নতজানু হতে শেখাবে।

সাদা পাতাই জানে ক্লান্ত দেহ যখন শেষ আহুতি দেয় প্লাবিত মন,
চির বিদায়ের ব্যথাকে কলমের আঁচড়ে ধরে রাখে!!

সাদা পাতা জানে কলমের মেলবন্ধনে কবিতাকে জন্ম দিতে।

অনন্তের মাঝে আলোকিত সম্ভারে কবিতাকে পৌঁছে দিতে—
একমাত্র সাদা পাতাই জানে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *