সালকিয়ায় রহস্যজনকভাবে মাঝবয়সী ব্যক্তি খুন

সংবাদদাতা, সালকিয়া, হাওড়া:- হাওড়ার সালকিয়া কৈবর্ত পাড়ায় ফ্ল্যাটের মধ্যে খুন। সোমবার সকালে ওই ফ্ল্যাট এর মালিককে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।

ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন আজ সকাল সাড়ে নটা নাগাদ বন্ধ ফ্ল্যাটের মধ্য থেকে প্রচন্ড চেঁচামেচির শব্দ শোনা যায়। প্রতিবেশীরা দরজা ঠকঠক করে আওয়াজ করতে সব কিছু শান্ত হয়ে যায়। এরপরেই মালিপাঁচঘড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা খুলে বছর ৪৮ এর দেবব্রত পালের  মৃতদেহ উদ্ধার করে। মৃত দেহটির চোখের নিচে আঘাতের চিহ্ন আছে। যদিও শরীরে বড় ধরনের কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। পরে পুলিশ দেখে বাথরুমে এবং পাশের ঘরে এলাকার দুই নাবালক ছেলে রয়েছে। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দেবব্রত বাবুর সঙ্গে ধস্তাধস্তিতের কারণে মৃত্যু হয়। প্রতিবেশীরা জানিয়েছেন বছর পাঁচেক আগে তার স্ত্রী আত্মহত্যা করেন। এরপর তিনি মা এবং নিজের মেয়েকে নিয়ে ফ্ল্যাটে থাকতেন। গতরাতে বৃদ্ধা মা এবং মেয়ে অন্য জায়গায় ছিলেন। তার এক আত্মীয়র সঙ্গে গতরাতে ফ্ল্যাটে ছিলেন। তাকেও পুলিশ জিজ্ঞাসাাবাদ করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *