সালানপুরে সম্প্রীতির উৎসবে একত্রিত তৃণমূল কংগ্রেস, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচারে মুগ্ধ জনতা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দিঘায় মহাপ্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা ও নবনির্মিত জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক অনন্য সম্প্রীতির আয়োজন সম্পন্ন হল। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিঘায় অনুষ্ঠিত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা রুপনারায়নপুরের নান্দনিক হলে একত্রিত হয়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন।

দুপুর ১:৩০ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত ব্লক কমিটির সদস্য, শাখা সংগঠনের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, পঞ্চায়েত সদস্যসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের এই মহৎ কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রচিত্তে উপভোগ করে তারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। অনুষ্ঠানের শেষে “জয় জগন্নাথ” ও “জয় বাংলা” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নান্দনিক হল প্রাঙ্গণ।

সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান এবং সহ-সভাপতি ভোলা সিং এই প্রসঙ্গে বলেন, “বাংলায় সম্প্রীতি রক্ষার জন্য আমরা সকলে একযোগে কাজ করে যাচ্ছি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বদ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার এই ঐতিহাসিক দিনটি বারাবনি বিধানসভা এবং সালানপুর ব্লকের প্রতিটি মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা সকলে একত্রিত হয়ে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছি, যা আমাদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক।”

এই আয়োজন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানের সাক্ষী থাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি সালানপুর ব্লকের মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং মুখ্যমন্ত্রীর প্রতি অগাধ শ্রদ্ধার প্রকাশ ঘটিয়েছে। তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও উৎসাহের সঙ্গে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছেন।

এই মহৎ উদ্যোগের মাধ্যমে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস বাংলার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে সমুন্নত রাখার পাশাপাশি সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *