সংবাদদাতা: সালানপুর:- সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে সামাজিক উন্নয়ন ও মানব কল্যাণের লক্ষ্যে একযোগে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ শুরু করলো রিডিমার ট্রাস্ট ইন্ডিয়া। ট্রাস্টের নতুন এই সামুদায়িক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন বনজেমারি কোলিয়ারির অভিকর্তা দিনেশ প্রসাদ। উদ্বোধনী অনুষ্ঠানে শীতের কথা মাথায় রেখে এলাকার প্রবীণ নাগরিকদের মধ্যে শাল বিতরণ করা হয়।
রিডিমার ট্রাস্ট ইন্ডিয়ার এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রবীণদের যত্ন—এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গ্রামীণ মানুষের প্রয়োজন পূরণ করা। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনতেই এই সমন্বিত পরিষেবা চালু করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে একই স্থানে শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত গুণগত মানসম্পন্ন পাঠদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে ছোটবেলা থেকেই শিক্ষার ভিত মজবুত হয়।পাশাপাশি বেসিক থেকে অ্যাডভান্স স্তর পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে ডিজিটাল দক্ষতায় স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক পদ্ধতিতে পরিচালিত স্পোকেন ইংলিশ ক্লাসের মাধ্যমে যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

ট্রাস্টের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ হল প্রবীণ নাগরিকদের জন্য ‘আশ্রয়’ নামে একটি বৃদ্ধাশ্রমের সূচনা। এই বৃদ্ধাশ্রমে প্রবীণদের জন্য নিরাপদ, স্নেহপূর্ণ ও যত্নশীল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সম্মান ও সার্বিক সহযোগিতা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। এলাকায় প্রবীণদের যত্ন ও দেখভালের যে ঘাটতি দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল, এই উদ্যোগ তা অনেকটাই পূরণ করবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা রিডিমার ট্রাস্ট ইন্ডিয়ার এই মানবিক ও সমাজমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, শিক্ষা ও সামাজিক পরিষেবার এই সমন্বিত প্রচেষ্টা রামচন্দ্রপুর তথা গোটা সালানপুর অঞ্চলের উন্নয়নে নতুন দিশা দেখাবে।
