রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, জামুরিয়া, পশ্চিম বর্ধমান -:
১০০ দিনের কাজ চালু করতে হবে ও সেটি ২০০ দিনে পরিণত করতে হবে, ধুঁকতে থাকা সমস্ত বৃহৎ কারখানা সম্প্রসারণ করতে হবে, রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালু করতে হবে এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ইত্যাদি চারটি প্রধান দাবিকে সামনে রেখে জেলায় জাঠা মিছিলে নামছে সিপিএমের শ্রমিক সংগঠন ‘সিটু’। যদিও তাদের মূল দাবি শিল্প বাঁচাতে হবে নতুন নতুন শিল্প আনতে হবে। জানা যাচ্ছে ৭ ই ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত এই জাঠা মিছিল চলবে। মিছিলে নেতৃত্ব দেবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহ. সেলিম, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জ্জী ও সিপিএম নেতা পার্থ মুখার্জ্জী। সিটুর পক্ষ থেকে ‘শিল্প বাঁচাও, চাকরি বাঁচাও, জেলা বাঁচাও এবং বাংলা বাঁচাও’ দাবি তুলে একটি মিছিলের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক সিটু সমর্থক শ্রমিক মিছিলে অংশগ্রহণ করে।
যদিও তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করে বলেন, এটা জাঠা মিছিল নয় জ্যাঠামো করতে নামছে সিটু। ৩৪ বছর ক্ষমতায় থেকে একের পর এক কারখানা বন্ধ করে দিয়ে আজ বড় বড় কথা!