মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর)

বাক স্বাধীনতা ফিরে পেতে যাঁরা ছেড়েছিলেন ঘরবাড়ি–
কোন অজুহাতে বলতো আমরা তাঁদেরকে ভুলতে পারি?
মাতৃভাষার অধিকারে যাঁরা খেয়েছিলেন গুলি, লাঠি–
হার না মানা সেই গল্পই আমাদের বলে বাংলার মাটি;
অত্যাচারীর সামনে যাঁরা বাজি ধরেছিলেন জীবন
মাতৃভাষা দিবসে তাঁদের আদর্শই তুলে ধরে মন।
হায়নার কবল থেকে ছিনিয়ে এনেছিলেন যাঁরা ভাষার অধিকার
তাঁদের কিভাবে ভুলে যাব আমরা, তাঁরা তো নন পর।
হতে পারে তাঁরা ভিন দেশী তবুও কখনই ভিন্ন নন
চেতনায় তাঁরা সবাই বাঙালি, ভীষণ আপনজন।
যাঁদের বলিদানে লাল হল মাটি এমনই এক বসন্তে
পৃথিবী তাঁদের স্মরণ করে, ঘর হোক না যেকোনো প্রান্তে।
যে ভাষার জন্য অমর হল এই একুশে ফেব্রুয়ারি–
সেই ভাষাকে ভুল করেও আমরা কখনও কি ভুলতে পারি?