রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-:
হোলির আগের দিন সাউন্ড সিস্টেম বুকিংকে কেন্দ্র করে কুলটির ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী বিনয় ওঝার (৩৮) উপর হামলার অভিযোগে তিনজনের বিরুদ্ধে কুলটি থানায় লিখিত অভিযোগ করেন পরিবারের সদস্যরা। জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীর কাছে অভিযুক্তরা সাউন্ড সিস্টেম বুক করতে আসেন। আগেই বুকিং থাকায় সে সেটা দিতে পারেনি। ক্ষিপ্ত হয়ে তারা লোহার রড, হকি স্টিক ও বাঁশের লাঠি দিয়ে বিনয়কে বেধড়ক মারধর করে, তার পেট ও বুকে লাথি মারা হয়।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরাকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। তার শারীরিক অবস্থার অবনতি হলে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ৭ ই মার্চ তার মৃত্যু হয়।
সোমবার ময়নাতদন্তের পর তার দেহ কুলটি থানার সামনে রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তোলা হয়।
মৃতের স্ত্রী কুলটি থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে কুলটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
