১৭ বসন্ত পার

সুমন বিশ্বাস (দুর্গাপুর)

১৭ বছর পার করে আজ
শুরুর সেদিন মনে পড়ে।
লালবাড়িতে জয়েন করে,
ATI এর ক্লাস ঘরে।

মনে পড়ে ঢপের ক্লাস
চায়ের কাপ আর বকুল তলা,
পেরিয়ে এলাম অনেকটা পথ,
তবুও চলুক এ পথ চলা।

চলতে গিয়ে হোঁচট খেয়ে
পথ হারিয়ে থামলো যারা।
তারা থাকুক স্মৃতি জুড়ে,
আকাশ জুড়ে দুটি তারা ।

কেউ সুখে কেউ দুঃখে আছি,
যেমন আছি ভালই আছি।
কেউ আছি সেই তেপান্তরে,
কেউবা বাড়ির কাছাকাছি।

মাঝে মধ্যে দেখা হয়
কোলকাতাতে মিটিং হলে।
প্রবেশনটা সোনার খাঁচায়,
সোনালী সেদিন গেছে চলে।

শখ ছিল খুব বিডিও হবো,
সাধ পূরণের দিন পেরিয়ে।
ঘরে ফেরা আর হয়নি কারো,
বাড়ি থেকে সেই বেরিয়ে।

হোয়াটসঅ্যাপ গ্রুপটাওতো
ঝিমিয়ে গেছে কাজের চাপে।
হাসি ঠাট্টা, ঝগড়া ঝাটি,
সব ছেড়ে আজ নিরুত্তাপে।

চিতার দল আজ খোঁয়াড়ে ঘুমোয়,
গলায় বাঁধা সোনার চেন।
ফ্যামিলি ফটোয় হাসি মুখে,
কিছুটা Pain, কিছুটা gain.

পেরিয়ে যাচ্ছে বসন্ত কাল,
পাকছে চুল আজ নানান চাপে।
মাঝে মাঝে তাই ভিজিয়ে জীবন,
কাঁচের গ্লাসে পেগের মাপে।

১৭ বছর পেরিয়ে এসেও
হচ্ছে মনে এই তো সেদিন।
সদ্যই তো পেরিয়ে এলাম
২০০৯ এর মার্চ থার্টিন…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *