শহীদের মা

           
সঙ্গীতা কর (কলকাতা)

স্যাস টেরেনডা আইজগো ও গ্যাছে
ঘরে আইলো না তবু মোর পোলায়,
কী জানি কী ভাবনা র‌ইছে মনের ম‌ইদ্যে
বচ্ছর যায় মাস যায় তবুও না আয় বাসায়।

কইছিলো মোরে হোনো আমার মাগো
আইমু ঠিক দেইক্যো ক‌ইরা জয়,
হেই থিককা রইছি মুই রাস্তার দিগে চাইয়া
কত টেরেন আইলো গ্যালো আইলো না বাছায়।

লোকে তো দেহি কয় গলা ছাইড়্যা
রফিক, শওকত আছে যহন আর কিসের ডর?
বাংলাতে মোরা কইমুই ক‌ইমু কতা
অইন্য ভাষারে কইরা দিমু পর।।

আইচ্ছা এ ক্যামন কতা কেমনতরো ঝর
নিজের ভাষায় কইতে কতা বারণ ক্যান করে?
হেই লইগ্যা হগ্গলে হইয়া গ্যালো বিবাগী
পোলারা আর থাইকলো না কেউই ঘরে।

আমার যতিন‌ও ঢাকায় গ্যাছে
কানাঘুষা কয় হগ্গলে হইছে হে শহীদ,
মুই মা ক‌ওতো এহন থাকমু ক্যামনে?
বুঝি এহন হইয়া যাইমু গো ব্যাদিগ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *