ভোটার তালিকায় নাম বাদ পড়ায় জেমারিতে পঞ্চায়েত এর সামনে বিক্ষোভ

ভোটার তালিকায় নাম বাদ পড়ায় জেমারিতে পঞ্চায়েত এর সামনে বিক্ষোভ

কাজল মিত্র: সালানপুর:-সালানপুরের বাসুদেবপুর-জেমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জেমারি শেখ পাড়ার বহু বাসিন্দা অভিযোগ তোলেন, তাঁদের বুথভুক্ত একাধিক নাম তালিকায় নেই বা “আন্ডার অ্যাডজুডিকেশন” হিসেবে চিহ্নিত হয়েছে। ক্ষুব্ধ মানুষজন স্থানীয় স্কুলে জড়ো হলে খবর পেয়ে প্রশাসন পুলিশ পাঠায়। আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বুথে আগে ৬৫২ জন ভোটার ছিলেন। নতুন তালিকায় প্রায় ১৩৭ জনের নাম নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অনেকের দাবি, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও সামান্য বানান বিভ্রাটের জেরে নাম চূড়ান্ত তালিকায় ওঠেনি। এক বাসিন্দা জানান, পূর্ববর্তী তালিকায় নাম থাকলেও এ বার শুনানির পরেও তাঁর নামের পাশে “আন্ডার অ্যাডজুডিকেশন” রয়ে গেছে, ফলে চূড়ান্ত স্বীকৃতি পেতে আরও অপেক্ষা করতে হবে।
ব্লক প্রশাসনের বক্তব্য, ভুল বোঝাবুঝি থেকেই উত্তেজনা। যাঁদের নামের পাশে বিচারাধীন উল্লেখ রয়েছে, তাঁদের আবেদন খারিজ হয়নি; যাচাই প্রক্রিয়া শেষ হলে পরবর্তী সংশোধিত তালিকায় অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে ৬ নম্বর ফর্ম জমা দিয়ে পুনরায় আবেদন করা যাবে বলেও জানানো হয়েছে।
পরিসংখ্যান বলছে, সালানপুর ব্লকে খসড়া তালিকায় মোট ভোটার ছিলেন ১,০৬,৯৩১ জন। সংশোধনের পর ৬০১ জনের নাম বাদ পড়েছে এবং প্রায় ৪,৫০০ নাম বিচারাধীন অবস্থায় আছে। জেলা পর্যায়ে খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ২০,২০,৯৬৬; চূড়ান্ত তালিকায় তা দাঁড়িয়েছে ২০,১৮,৫২১। অর্থাৎ মোট কমেছে ২,৪৪৫ জন। এর মধ্যে পুরুষ ১০,২৯,০৯২, মহিলা ৯,৮৯,৩৯৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩০ জন।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, নাম বাদ পড়লে নির্দিষ্ট সময়ের মধ্যে জেলা নির্বাচন আধিকারিকের কাছে আপিল করা যাবে; প্রয়োজনে রাজ্য স্তরেও পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সোমবার বিষয়টি নিয়ে বিডিও দফতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *