রানীগঞ্জে শ্রাদ্ধ অনুষ্ঠানে সংঘর্ষ,যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

কৌশিক মুখার্জী: আসানসোল:-

শ্রাদ্ধ অনুষ্ঠানে কটূক্তির জেরে উত্তপ্ত হয়ে উঠল রানীগঞ্জের বক্তারনগর এলাকা। এক ২৭ বছর বয়সী যুবকের মর্মান্তিক মৃত্যু এবং তার পরিবারের উপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বাহিনী মোতায়েন করেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রানীগঞ্জের বক্তারনগর মহন্ত কুলিতে সোনটন বাউরির বাড়িতে তার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্থানীয় বাসিন্দা অমিত বাউরী (২৭)। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন অমিত তার প্রতিবেশী কমল বাউরীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন। এই মন্তব্যের জেরে কমলের সঙ্গে অমিতের তর্কাতর্কি হয়। পরে কমল তার দুই কাকাতো ভাই পরিমল ও বিমল বাউরীকে ঘটনাটি জানায়। এরপর তারা অমিতের উপর হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হনুমান মন্দিরের কাছে ঘুমিয়ে থাকা অমিতের উপর অতর্কিতে হামলা করে এই তিনজন। লোহার পাঞ্জা দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকী, অমিতের স্ত্রী হস্তক্ষেপ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় অমিতকে প্রথমে রানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে তাকে চিকিৎসার জন্য আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি নিয়ে যাওয়া হলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে তাকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অমিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ এলাকাবাসী ও অমিতের আত্মীয়-পরিজনরা হামলাকারীদের পরিবারের উপর চড়াও হন। এই ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করতে গেলে দুজন পুলিশ কর্মীও আহত হন। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বক্তারনগরে উত্তেজনা অব্যাহত থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ দল, কমব্যাট ফোর্স এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে।
এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, শ্রাদ্ধের মতো পবিত্র অনুষ্ঠানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত পরিমল বাউরীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর দুই অভিযুক্ত কমল ও বিমল বাউরীর খোঁজ চলছে। এছাড়াও উত্তেজনার সময় দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কড়া নজরদারি চলছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে শোক এবং ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *