হিন্দুস্তান কেবলসের জমি,নতুন দিগন্তের প্রতিশ্রুতি নাকি নির্বাচনী ছলনা?

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলসের বন্ধ কারখানার ৯৪৭ একর বিস্তীর্ণ জমি নিয়ে নতুন করে প্রাণের স্পন্দন ফিরছে।কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের তৎপরতায় এই জমিতে শিল্প বা অন্যান্য উন্নয়ন মূলক প্রকল্প গড়ে ওঠার সম্ভাবনা জেগেছে, যা স্থানীয়দের মনে আশার আলো জ্বেলেছে।ঘনঘন উচ্চপদস্থ আধিকারিকদের আগমনে মুখর এই এলাকা। গত সপ্তাহে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর ডেপুটি কমান্ড্যান্ট অশোক ঝাঁ’র পরিদর্শনের পর আজ বার্ণপুরের ডিআইজি প্রবোধ চন্দ্রা নিজে এসে জমি ও অবকাঠামোর বিশদ পর্যালোচনা করলেন। সূত্রের খবর, সিআইএসএফ এই জমির একটি অংশে অত্যাধুনিক ব্যাটেলিয়ান ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে, এমনকি মহিলা বাহিনীর জন্য পৃথক সুবিধা গড়ে তোলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
আজকের পরিদর্শনে ডিআইজি প্রবোধ চন্দ্রা হিন্দুস্তান কেবলসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আর.এন. ওঝার সঙ্গে প্রায় এক ঘণ্টার গোপন বৈঠকে মিলিত হন। জমির পরিমাণ, কোয়ার্টার্স, ভবন, খোলা মাঠ এবং অন্যান্য সম্পদের বিস্তৃত তথ্য নিয়ে আলোচনা হয়। অবৈধ দখলের বিষয়টিও তাদের নজরে আসে। বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত প্রশাসনিক ভবনে অবস্থান করে সিআইএসএফ দল। সাংবাদিকদের প্রশ্নে ডিআইজি নীরব থাকলেও, তাদের বারংবার আগমন ও গভীর আগ্রহ দেখে স্থানীয়দের ধারণা, এই জমি তাদের পছন্দ হয়েছে। সময় লাগলেও এখানে নিরাপত্তা বাহিনীর জন্য আধুনিক অবকাঠামো গড়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল।
সিআইএসএফ ছাড়াও সিআরপিএফ বা বেসরকারি শিল্প সংস্থাগুলোর এই জমির প্রতি আগ্রহের গুঞ্জন শোনা যাচ্ছে।
হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন পরিদর্শনের সময় জোরালো দাবি তুলেছেন। তিনি বলেন, “নতুন প্রকল্পে স্থানীয় যুবকদের কর্মসংস্থান,বন্ধ কারখানার কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া এবং পুরনো কোয়ার্টার্স প্রাক্তন কর্মীদের পরিবার বা আগ্রহীদের লিজে দেওয়ার ব্যবস্থা চাই। এই জমি আমাদের অতীতের গর্ব; এর ভবিষ্যৎ গড়তে হবে স্থানীয়দের স্বপ্নকে সম্মান জানিয়ে।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *