কৌশিক মুখার্জী: আসানসোল :- কসবা কান্ডের প্রতিবাদে আসানসোল দক্ষিন থানার সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। থানার সামনে টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ করে কংগ্রেস কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষন ধরে অবরোধ চলার পর আসানসোল দক্ষিন থানার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে অবরোধ তুলে দেয়।এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তাফা, কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডী, শাহ আলম সহ অনান্যরা।

কংগ্রেস নেতারা এদিন বলেন যে, এই জঘন্য ঘটনার সঙ্গে একজন প্রভাবশালী তৃণমূল নেতা সরাসরি জড়িত। প্রশাসন তাকে আড়াল করতে মরিয়া। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা একের পর এক নারকীয় অপরাধ করছে, আর পুলিশ তাদের রক্ষা করছে।
কংগ্রেস নেতারা রাজ্য সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি দোষীদের কঠোর শাস্তি না হয়, তাহলে কংগ্রেস গোটা রাজ্যে আরও তীব্র আন্দোলনে নামবে।
