সৌভিক সিকদার, কলকাতা -:
দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে গত ১ লা জুলাই থেকে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সুপ্রিম কোর্টের মেডিয়েশন ও কনসিলিয়েশন প্রজেক্ট কমিটির যৌথ উদ্যোগে দেশ জুড়ে শুরু হয়েছে নব্বই দিন ব্যাপী ‘বিশেষ মেডিয়েশন ড্রাইভ, জাতির জন্য মেডিয়েশন’। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
জানা যাচ্ছে বাদী-বিবাদী উভয় পক্ষের কাছ থেকে আবেদন গ্রহণ, চিহ্নিতকরণ এবং শেষে মেডিয়েশন সেন্টারে প্রশিক্ষিত মেডিয়েটরদের মাধ্যমে মামলার নিস্পত্তি ঘটিয়ে আগামী ৬ ই অক্টোবরের মধ্যে তার পূর্ণাঙ্গ রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
এখানে বিভিন্ন মামলা যেমন মীমাংসাযোগ্য ফৌজদারি মামলা, উচ্ছেদ বন্টন, বিচ্ছেদ, ভরণপোষণ, জমি অধিগ্রহণ, অর্থ সংক্রান্ত মামলা তথা বিভিন্ন দেওয়ানী মামলা যা আদালতে বিচারধীন তা মেডিয়েশন সেন্টারের মাধ্যমে মীমাংসা করা হবে। কলকাতা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ৭২ টি এডিআর সেন্টার (বিকল্প বিবাদ নিস্পত্তি কেন্দ্র) রয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী সৌমেন সেন এবং মেডিয়েশন কমিটির সভাপতি বিচারপতি শ্রী অরিজিৎ ব্যানার্জ্জীর নেতৃত্বধীন মেডিয়েশন এবং কনসলিয়েশন কমিটি সারা বছর বিচারাধীন মামলা গুলি বা প্রাক বিচারাধীন বানিজ্যিক মামলাগুলি দু’পক্ষের সম্মতিতে নিস্পত্তি ঘটাচ্ছে বলে জানা গেছে । উক্ত কমিটির সদস্য সচিব হিসাবে রয়েছেন সুদীপ ব্যানার্জ্জী।
কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের রেজিস্ট্রার ইনসলভেনসি এবং মেডিয়েশন ও কনসিলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড. শুভাশিস মুহুরী জানিয়েছেন – ” রাজ্যের সমস্ত নিম্ন আদালতে ২২ হাজারের বেশি এবং কলকাতা হাইকোর্টে প্রায় ১৮০ টি মামলা মেডিয়েশন সেন্টারে পাঠানো রয়েছে। যার সিংহভাগ নিষ্পত্তির মুখে”।
জানা গেছে, আইনি সংবাদদাতা ও কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন কলকাতা হাইকোর্টে দায়িত্বপ্রাপ্ত মেডিয়েটর’ হিসাবে কাজ করছেন।