প্রণাম নেতাজী
মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর)

আজ তেইশে জানুয়ারী, ভারতবাসীর গৌরবের দিন;
শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে পালন করি তাঁর জন্মদিন।
তিনি দেশনায়ক, বীরের বীর; ভারতবর্ষের মহান নেতা,
পরাধীনতার শৃঙ্খল ঘোচাতে বহু ছুটেছেন জানি তা–
আজও সমাজের অনেক মানুষ প্রতি কদমে করছে লড়াই,
রাষ্ট্র হোক বা সমাজবিরোধী নানা ভাবে দেখালেও ভয়।
রাজনৈতিক নেতারা দেখছি শুধু তাঁকে নিয়ে রাজনীতি করে,
মতের মিল না থাকলেও তাঁদের আদর্শ বলে তুলে ধরে।
দেশের উন্নতি স্তব্ধ, তাতে কি? নেতারা গুছায় নিজের আখের!
দলবদলের পালা চলে, কোনো আদর্শ নেই তাদের।
আসতে যদি আবার ফিরে, লজ্জায় তুমি ঢাকতে মুখ;
এই জন্যই কি লড়েছিলে, বিসর্জন দিয়েছিলে নিজের সুখ।
মন মন্দিরে থেকো নেতাজী, সাহস দিও নির্ভিক প্রাণে,
সাধারণ মানুষ আজও সঠিক সময়ে প্রতিবাদ করতে জানে।
CATEGORIES কবিতা

