রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: সম্প্রতি বিধানসভায় পেশ হয়েছে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট। রাজ্যের পক্ষ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এর অন্যতম হলো 'যুব সাথী' প্রকল্প। মূলত রাজ্যের মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের পাঁচ বছর ধরে আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ১৫ ই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে নতুন এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। রাজ্যের অন্য বিধানসভাগুলির সঙ্গে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের রবীন্দ্র ভবনে নাম নথিভুক্ত করার জন্য ক্যাম্প চালু করা হয়েছে। এই প্রক্রিয়া ২৬ তারিখ পর্যন্ত চলবে। সকাল থেকেই ক্যাম্পে 'যুব সাথী' প্রকল্পের জন্য ফর্ম জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা যায়।এর পাশাপাশি, এখানে কিষাণ বন্ধু ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্তিকরণ করা হচ্ছে । ক্যাম্পে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে প্রায় ৯৫ টির মতো জনকল্যাণমূলক প্রকল্প চলছে। এদিন 'যুব সাথী' নামে আরও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। তিনি আরও বলেন, এখানে আসা মানুষদের সাড়া ও উচ্ছ্বাস প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্পের প্রতি মানুষের আস্থা আছে। সেই কারণেই তারা সবাই এখানে নাম নথিভুক্তিকরণ করতে আসছেন।
