পূজা দাস বোস (কলকাতা)

আজও অনেক কিছু বলার ছিল
বলা হয়নি,
মুখ নামিয়ে বসে রইলাম একা।
কিছু না বলেই তুমি চলে গেলে
আলো মুছে যাচ্ছে পশ্চিমের জানালায়!
ঘরের পাশে নদী,
দুজনের কথার পাহাড় ভেঙে
যে ঝর্ণা একদিন নদী হয়েছিল,
সেই জলের শব্দ ভেসে আসছে।
দরজায় ধাক্কা লাগছে ঠান্ডা হাওয়ার,
দূরে ভেসে যাচ্ছে সব কথাদের ঢেউ!
এগিয়ে আসছে জল।
আজও অনেক কিছু বলার ছিল
বলা হয়নি,
বুঝতেই পারিনি কখন তুমি ফুরিয়ে গেছ!
আমার রাতের ঘরে প্রদীপ জ্বলে ওঠে,
আসা যাওয়ার মাঝে জেগে থাকে অভিমান।
তবু ছায়ার মধ্যে তোমার জন্য জমিয়ে রাখি আমার যা কিছু সম্বল।