রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিয়ে বৃহস্পতিবার সকালে কুলটি থেকে শুরু হলো আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জন্য বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার, আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, কৃষ্ণা প্রসাদ সহ বিজেপির পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব ও দলের অসংখ্য নেতা-কর্মী।
এর আগে পরিবর্তন যাত্রার শুভারম্ভকে সামনে রেখে কল্যানেশ্বরী মন্দিরে পুজো দেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

ডা. সরকার বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিসর্জনের ডাক দিয়ে এই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। আসলে রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে।
‘সার’ প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জ্জীকে তীব্র আক্রমণ করে অগ্নিমিত্রা পাল বলেন, দেশের একাধিক রাজ্যে ‘সার’ হলেও কোথাও কোন সমস্যা হয়নি। কিন্তু মমতা ব্যানার্জ্জীর জন্য বাংলায় সমস্যা হয়েছে। তিনি প্রথম থেকেই এর বিরোধিতা করছেন। তিনি আরও বলেন, যদি কোন বৈধ ভোটারের নাম বাদ যায় তার জন্য দায়ী মমতা ব্যানার্জ্জী। আসলে তিনি চাইছিলেননা রাজ্যে ‘সার’ হোক। সেক্ষেত্রে তার ক্ষমতা চলে যাবে। এতদিন ধরে অবৈধ ভোটারদের ভোটে জিতে তিনি ক্ষমতা রয়েছেন সেটা আজ প্রমাণিত।
জানা যাচ্ছে এই ‘পরিবর্তন যাত্রা’ দু’দিন ধরে আসানসোল সাংগঠনিক জেলা জুড়ে ঘুরবে। বিকেলে আসানসোলের বুধা মাঠে এক সভার আয়োজন করা হয়েছে। দলীয় নেতা কৃষ্ণেন্দু মুখার্জ্জী জানিয়েছেন সভায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য উপস্থিত থাকবেন।
বারাবনিতে আক্রান্ত হলো ‘পরিবর্তন যাত্রা’র র্যালি। তৃণমূল দুষ্কৃতীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। অগ্নিমিত্রা পাল সহ একাধিক দলীয় কর্মী আহত হয় – অভিযোগ বিজেপির।



