কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং কলকাতায় পাট, হ্যান্ডলুম ও হস্তশিল্পের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করলেন

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং কলকাতায় পাট, হ্যান্ডলুম ও হস্তশিল্পের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করলেন

প্রেস ইনফরমেশন ব্যুরো
ভারত সরকার


কেন্দ্রীয় মন্ত্রী পণ্য বৈচিত্র্য ও মূল্য সংযোজনের ওপর জোর দিলেন

কলকাতা, ৬ মার্চ ২০২৬

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং আজ কলকাতায় হ্যান্ডলুম, হস্তশিল্প ও পাট দফতরের কর্মকর্তা ও অংশীদারদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। উদ্ভাবন, বৈচিত্র্য এবং মূল্য সংযোজনের মাধ্যমে ঐতিহ্যবাহী বস্ত্র শিল্পকে শক্তিশালী করার কৌশল নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে হ্যান্ডলুম ও হস্তশিল্প ক্ষেত্রের কর্মকর্তা, বস্ত্র মন্ত্রকের আঞ্চলিক কার্যালয়, জুট বোর্ড, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স , ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশন -সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাটের ক্রমবর্ধমান সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বৈচিত্র্যময় এবং মূল্য সংযোজিত পণ্যের বিকাশের মাধ্যমে এই ক্ষেত্রের দ্রুত পরিবর্তন ঘটছে। এই উপলক্ষে শ্রী সিং পাটভিত্তিক একটি কাপড়ে তৈরি মোদি জ্যাকেট এবং দোপাট্টা পরিধান করেন। জুট শিল্পে তৈরি এই কাপড়ে ৬০% পাটের সঙ্গে তুলা ও ভিসকোসের সংমিশ্রণ রয়েছে, যা পরিধানযোগ্য বস্ত্রে পাটের ক্রমবর্ধমান ব্যবহারকে তুলে ধরে।

তিনি জানান, ঐতিহ্যগতভাবে পাট মূলত ব্যাগের মতো প্যাকেজিং উপকরণের সঙ্গে যুক্ত ছিল। তবে, বর্তমানে এই ক্ষেত্রটি কেতাদুরস্ত ফ্যাশন পোশাক ও আধুনিক বস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও প্রসারিত হয়েছে। বৈচিত্র্যের গুরুত্বের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, পাটভিত্তিক কাপড় ও নতুন প্রজন্মের তন্তু বিকাশের মাধ্যমে কৃষক, কারিগর এবং শিল্পের অংশীজনদের জন্য আরও বেশি মূল্য সৃষ্টির সুযোগ তৈরি হবে।

মন্ত্রী এও বলেন, পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুতে প্রযুক্তি গ্রহণ, উদ্ভাবন ও বৈচিত্র্যকে উৎসাহিত করার উদ্যোগ ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর ভাবনাকে শক্তিশালী করবে। এই উদ্যোগগুলির মাধ্যমে তাঁতি, কারিগর এবং পাটচাষিদের ক্ষমতায়ন হবে এবং ভারতের ঐতিহ্যবাহী বস্ত্র ক্ষেত্রের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতাও বৃদ্ধি পাবে।

সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে শ্রী সিং বলেন, হ্যান্ডলুম, হস্তশিল্প ও পাটের মতো ক্ষেত্রগুলির বিপুল সম্ভাবনা রয়েছে। এগুলি দেশের লক্ষ লক্ষ কারিগর ও শ্রমিকের জন্য কর্মসংস্থান এবং আয় বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

বৈঠকে চলমান বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং এই ক্ষেত্রের উদ্ভাবন, গবেষণা, বাজার সম্প্রসারণ ও পণ্য বৈচিত্র্য আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়।


SSS/AS…..6.3.26….

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *