রুমকী দত্ত (কোলাঘাট, পূর্ব মেদিনীপুর)

ভেবেছিলে তাকে বড্ড ছোট্ট মেয়ে
কিছুই বোঝে না বোঝে শুধু তার স্বামী
অহংকারে নিজের সুনাম গেয়ে
বুঝতে পারো নি মেয়েটিরও আছে “আমি”।
শুধু দেখেছিলে মোহময়ী তার রূপ
পেয়েছিলে তার উদার মনের ঘ্রাণ
নিজে পুড়েও গন্ধ বিলানো ধূপ
পরের সুখে উৎসর্গিত প্রাণ।
পাওনি যে টের আগুন মনের আঁচ
কষ্টে যে তার বুক ফেটে চৌচির
কেউ বলে না “নিজের জন্য বাঁচ”
শৃঙ্খল ভেঙে হয়ে যা মুসাফির “!
কেউ বলে না “তুই কিসে খুশি বল “?
সবাই ফাঁসায় মিথ্যা কথার ফাঁদে
মাও তো বলে না “আমার সঙ্গে চল”
চুপকথা শুধু নীরবে লুকিয়ে কাঁদে!
ছোট্ট মনের মেয়েটাও তো নারী!
অভিজ্ঞতায় পূর্ণ যে তার মন
অভিমান আর কষ্টে হৃদয় ভারী
দুঃখ যে তার পরম আপন জন!