রামকৃষ্ণ চ্যাটার্জী, ফাইনাল এক্সপোজার -:
শনিবার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্যজুড়ে তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। শনিবার মৃত এক কর্মীর পরিবারের সাথে দেখা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, তাকে লক্ষ্য করে ইট ও ডিম ছোঁড়া হয় এবং এই ঘটনায় তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে রবিবার আসানসোল শিল্পাঞ্চল জুড়ে তৃণমূলের নেতা-কর্মীরা পথে নামেন।
আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গান্ধীমূর্তির পাদদেশে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ‘বিজেপি সরকার জবাব দাও’ স্লোগান তুলে নেতৃত্ব দেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, প্রাক্তন বিধায়ক হরেরাম সিং, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জী এবং সাহিদ পারভেজ সহ দলের অন্যান্য স্তরের নেতৃত্ব। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এভাবে বিরোধী দলকে আটকানো যাবে না।” মেয়র বিধান উপাধ্যায় ঘটনাটিকে সাংসদের ওপর পরিকল্পিত হেনস্তা বলে অভিহিত করেন।
অন্যদিকে, কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জীর নেতৃত্বে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিউ রোড এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর প্রতিবাদ মিছিল বের করে নিয়ামতপুর মোড়ে অবস্থান বিক্ষোভ দেখান কর্মীরা। গোটা আসানসোল শিল্পাঞ্চল জুড়ে তৃণমূলের এই বিক্ষোভে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।
