অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার আসানসোল রামকৃষ্ণ মিশনে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক পেড় মা কে নাম’ (মায়ের নামে একটি গাছ) প্রকল্পের কথা তুলে ধরে রাজ্যবাসীকে নিজ নিজ মায়ের নামে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
মন্ত্রী বলেন, “বৃক্ষরোপণ কেবল আনুষ্ঠানিকতা নয়, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও আমাদের নিতে হবে। মাকে যেমন যত্ন ও ভালোবাসায় আগলে রাখা হয়, গাছের ক্ষেত্রেও সেই একই দায়িত্ব পালন করা প্রয়োজন।” স্বচ্ছ ও সবুজ বাংলা গড়ার লক্ষ্যে এই কর্মসূচিকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার, জেলাশাসক এস. পোন্নাবোলাম, বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমত্বানন্দজী মহারাজ প্রমুখ। অনুষ্ঠানের শেষে বিশিষ্ট ব্যক্তিবর্গ বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন।





