রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
প্রশাসনিক কড়াকড়ির মধ্যেই রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের অভিযানে সালানপুর ব্লকে বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করা হলো। ধৃতরা হলো রঞ্জিত সিং, বিষম রায়, মধুসূদন মণ্ডল ও রাকেশ কুমার সিং ওরফে যোগিন্দর সিং। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে সালানপুরের বিভিন্ন এলাকায় আচমকা অভিযান চালায় পুলিশ। সোমবার তাদের আসানসোল আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমতি ছাড়াই জিতপুর-উত্তরামপুর পঞ্চায়েত এলাকায় এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাথর খাদান চালাচ্ছিল। এর ফলে একদিকে যেমন সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছিল, তেমনই পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার অভিযোগও দীর্ঘদিনের। ঘটনার পর থেকে মিহির ঘোষ নামে এক অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই ঘটনায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। চক্রের গভীরে পৌঁছাতে এবং আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে।



