বানী পাল (কলকাতা)

দারিদ্রতা…
এক নাগরিক অসুখ।
মহামারীর মত ছড়িয়ে আছে চতুর্দিকে।
বাসে ট্রেনে রাস্তায় স্টেশনে।
চতুর্দিকে হট্টগোল বাঁচার জন্য হাহাকার।
শিশুর চিৎকার বৃদ্ধের চিৎকার
গল্পের মত এক নিমেষে মিলিয়ে যাচ্ছে সব
এক নিশানায় সংসার যেন ধ্বংসস্তূপ।
মানুষের সার্বভৌমত্ব কোথায়?
রাতের শেষেও আলোর দেখা নেই
ক্ষুধার কোনো প্রান্তেই ভাতের গন্ধ নেই
মাথার উপর ছাদ নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই
প্রতিবাদের সাহস নেই, ব্যাধির উপযুক্ত পথ্য নেই
ব্যথার কোনো অন্ত নেই, শরীরে আর প্রাণ নেই
নেই নেই সংলাপে ভরে উঠেছে মাঠ ময়দান।
রাষ্ট্র বলছে
ওরা তুষের উপর ঘর বেঁধেছিল।
এক ঝড়ে মিলিয়ে গেল ছাউনি
কিন্তু এ দায় কার? সময় নাকি নিয়মের?
আজ প্রশ্ন তোলাও যুদ্ধের সমান
প্রবাদে আছে”রাজায় রাজায় যুদ্ধ হয়,
উলুখাগড়ার প্রাণ যায়” ঠিক,যাচ্ছেও তাই
যুদ্ধ শেষে শ্রমিক মরছে, সৈনিক মরছে
মরছে ফাইলের ভাঁজে জমা প্রশ্নগুলোও।
