শুক্লা সরকার (কলকাতা)

কালের যাত্রাপথে ফিরে ফিরে আসে জীবন,
সময়ের ঘড়ি থেকে ক্রমশঃ ঝরে যায় বিষণ্ন দিন,
সেদিন নেহাতই ছিল আমার আটপৌরে জীবন,
জীবনটা আমার কাছে ধারাবাহিক গল্পের মতন।
ছোট্টবেলার পুতুলখেলা, রঙ বেরঙের পোশাক,
কত সুন্দর খেলনা,কত আদরের, ভালোবাসার,
তারপর একটু বড় হতেই যৌবনের কড়া নাড়া।
সেখানেও পুতুল পুতুল খেলা,সবটাই যেন মেকি,
তারপর বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়া,
পুতুল ঘর,রঙ মেখে সং সাজা,সেই পুতুল খেলা।
ছোট্টবেলার পুতুলখেলা ছিল ভারি সুন্দর,
নির্ভার,সেখানে ছিলনা কোন সংশয়,ভয়,
কোন জয় পরাজয়ের গ্লানি, ছিল সহজ জীবন,
আজ সত্যিকারের পুতুল নিয়ে খেলা বড় কঠিন,
সেখানে আছে, কথায় কথায় আশঙ্কা, ভীতি,
সামান্য ভুলের মাশুল গুনতে হয় কড়ায় গণ্ডায়।
বসন্তের সৌন্দর্যে আকৃষ্ট এই সংসারী জীবন,
আগেই জমাখরচের খাতায় নাম লেখা ছিল।
এখানে অনুভূতিরা খেলা করে,দিনের নিয়মে,
গভীর আর অতলান্ত খাদের কিনারায় দাঁড়িয়ে।
ঝড় আসে, ভূমিকম্প অনুভূত হয় মাঝে মাঝে,
এলোমেলো হয়ে যায়,জীবনের সব খেলাটুকু।
জানি,শেষ খেলায় স্বপ্নেরা ফিরে ফিরে আসে,
রেখে যায় জীবনের এই ব্যথিত স্মৃতির অনুরণন।
