বাড়ির বারান্দায় ধ্বস, আতঙ্কিত এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার:- এযেন অনেকটা 'জলে কুমির ডাঙায় বাঘ'- এর মত ব্যাপার। মাথার উপর তখন আকাশ ভাঙা বৃষ্টি নৃত্য করছে, বাইরে বের হওয়ার উপায় নেই। ওদিকে তখন গৃহস্থের বাড়ির বারান্দা বসে গিয়ে ১০×৬ ফুট এলাকা জুড়ে সৃষ্টি করল ২৫ ফুট গভীর গর্ত। ঘটনাটি রানীগঞ্জের বাঁশড়া কোলিয়ারি এলাকার সুড়িপাড়া অঞ্চলের এবং এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়ালো এলাকার বাসিন্দাদের মনে। এলাকার খনি কর্মী সিদ্দিক মিয়া দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে পাট্টা দেওয়া এই জায়গায় বসবাস করতেন। পরবর্তীকালে তার পুত্র ইসমাইল আবাস যোজনায় প্রাপ্ত অর্থ দিয়ে বাড়ি তৈরি করে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস শুরু করে। এই এলাকার কাছেই আছে ইসিএল -এর বাঁশড়া কয়লা খনি। নিয়মানুযায়ী ভূগর্ভস্থ খনি থেকে কয়লা কেটে তোলার পর খনির মধ্যে সৃষ্ট ফাঁকা অংশ বালি দিয়ে ভরাট করতে হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সহ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানের দাবি খনি কর্তৃপক্ষ নিয়ম মেনে ভূগর্ভস্থ খনির ফাঁকা জায়গা বালি দিয়ে ভরাট না করার জন্য বারবার এই এলাকায় ধ্বস নামছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার বাসিন্দারা। স্থানীয়দের আরও দাবি ইসিএল ম্যানেজমেন্ট খনিকে সুরক্ষিত রেখে এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য আদৌ চিন্তিত নয়। কোনোরকম উদ্যোগ নেওয়ার প্রয়োজনও তারা বোধ করেনা। ফলে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকার বাসিন্দারা। তাদের দাবি কেন এই এলাকায়

বারবার ধ্বসের ঘটনা ঘটছে সেটা অবশ্যই ইসিএল কর্তৃপক্ষ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নিয়ে তাদের বসবাসের জন্য ব্যবস্থা নিতে হবে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এসে পৌঁছায়। নিরাপত্তার জন্য সমস্ত এলাকা বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *