আসানসোল ✍ Final Exposer

মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে সচেতনতা মূলক র‍্যালি হলো আসানসোলে

কৌশিক মুখার্জ্জী, আসানসোল:- শিক্ষিত বেকার যুবক-যুবতীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুব সমাজের মধ্যে ড্রাগ ব্যবহারের প্রবণতা বেড়েই চলেছে। অকালে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। চেষ্টা করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। পাশাপাশি শিশু ও নারী পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের হাত ধরে প্রতিবছর এই পাচারের সংখ্যা বেড়েই চলেছে। পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য জাতিসংঘের উদ্যোগে ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ২৬ শে জুন দিনটি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সমগ্র বিশ্বের সঙ্গে আসানসোলেও এই দিনটি পালিত হয়। ২৬ শে জুন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আসানসোল নর্থ থানার অন্তর্গত রেলপারে অ‍্যান্টি ড্রাগস ডে ও অ‍্যান্টি চাইল্ডস্ ট্র‍্যাফিকিং ডে উপলক্ষ‍্যে এক সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল আইপিএস পূর্ব দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিন মূলত অ‍্যান্টি ড্রাগস ডে উপলক্ষ‍্যে ওই অঞ্চলে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। পাশাপাশি ডিএভি মডেল স্কুলের ক্ষুদে পড়ুয়াদের নিয়ে অ‍্যান্টি চাইল্ডস্ ট্র‍্যাফিকিং ডে উদযাপন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসানসোলের রেলপার অঞ্চলে যুবকদের মধ্যে ড্রাগস সেবনের প্রবণতা বেশি দেখা যায়। তাই এই এলাকার বাসিন্দাদের সচেতন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ উদ‍্যোগ গ্রহণ করা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার