জেলার আপডেট ✍ Final Exposer

কতদিন দেখিনি তোমায়

শুভা রায় (হাওড়া)

তোমাকে অনেকদিন লেখা হয়নি কিছু !
ব্যস্ততাকে বিকিয়েছি গোধূলির কাছে !
কতদিন নীড়ে ফেরা হয়নি পাখিদের সাথে !
তোমাকে লেখা হয়নি অনেকদিন ;;
তাই ব্যক্ত করা হয়নি নিগূঢ় গোপন অব্যক্ত অনুভূতি!

তোমার চোখে চোখ রাখবো বলে-
আমি উজ্জ্বল তারাদের থেকে মুখ ফিরিয়েছি চিরটাকাল।
শ্রাবণের গর্ভবতী মেঘের হাতছানি উপেক্ষা করেছি--
শুধু তোমাতে সিক্ত হবো বলে!

বিবসনা জোছনার উৎসবের আমন্ত্রণ ফিরিয়েছি বারবার-- তোমার আলোতে আলোকিত হবার উদগ্র বাসনায়।

শুধু তোমাকে শুনবো বলে ;
ঝরাপাতাদের কান্না রেখেছি থামিয়ে!
কত যুগ যুগান্ত ধরে বসন্তে থামিয়ে রেখেছি কুহুতান !

শুধু তোমার স্পর্শে শিহরিত হবো বলে….
প্রথম প্রেম নিবেদনের অনিন্দ্য সুন্দর অসংখ্য গোলাপ অবহেলে নিক্ষেপ করেছি কালের গহ্বরে।

শুধু তোমাকে বুকে রাখবো বলে এতটুকুও ব্যথা জমতে দিইনি হৃদ অলিন্দে!

কতদিন কিছু লেখা হয়নি তোমায়---
কত কিছু বলা হয়নি তোমায় !
কতদিন দেখিনি তোমায় !!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার