আসানসোল ✍ Final Exposer

বাড়ি যখন ঘর

বাড়ি যখন ঘর

সুনন্দা হালদার (কলকাতা)

বাড়ি বলতে লাগোয়া ছোট্ট উঠোন
ফুলের বাগান সামনে ঘেরা বেড়া,
বাড়ি বলতে আবেগে বাঁধা জীবন
উন্মুক্ত মাঠ, হৃদয় আগল ছাড়া।

বাড়ি বলতে ছায়া ঘেরা আবাস
বাড়ি বলতে মায়া জড়ানো লতা,
বাড়ি বলতে দিনশেষে ঠাঁই পায়
উঠোন জুড়ে শুকনো ঝরাপাতা।

বাড়ি বলতে আকাশ বুকে মেঘ
বাড়ি বলতে লুকানো স্বপ্ন আশা,
বাড়ি বলতে গৃহস্থের খুঁটিনাটি
বুকে জমানো সকল কীর্তিনাশা।

বাড়ি বলতে গরম ভাতের ধোঁয়া
বাড়ি বলতে অফিস যাওয়ার তাড়া,
বাড়ি বলতে খুচরো পয়সা গুনে
চলতি পথে মিটিয়ে দেওয়া ভাড়া।

বাড়ি বলতে ফিরে আসার তাড়া
বাড়ি বলতে পথ চেয়ে থাকা চোখ,
বাড়ি বলতে ভাগ করে নেওয়া
সকল সুখ, আনন্দ, দুঃখ-শোক।

বাড়ি বলতে সবাই বড্ড আপন
আঁচলের আড়ালে দরদী অন্তর,
যেথা দ্বিধা-দ্বন্দ্বের মাঝে ম্যারাথন
তাইতো বাড়ি হয়ে ওঠে সুখের ঘর।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার