জেলার আপডেট ✍ Final Exposer

নকশীকাঁথার গল্প

নকশীকাঁথার গল্প

শিবানী চ্যাটার্জ্জী

নকশীকাঁথার মাঠ গল্পগাঁথা আঁকা
আজ যেন মনে হয় সবকিছু ফাঁকা ফাঁকা।
নেই আর সেই গল্প ,একটুখানিও অল্প
ছবিগুলো সব হারিয়ে মনের বাগানে কল্প।

জীবন নদীর কথা, সুখ দুঃখের ব্যথা
ছড়া ছবিতে গান রঙিন সুতোয় টান
গল্পগুলো সত্যি ,বুকের কাপড় ভেজা
কোথায় গেল মান, বুক ভেঙে খানখান।

আজ সব গেল হারিয়ে ব্যস্ত দুনিয়ার বুকে
তবুও যেন মানুষ কাঁথার ঘ্রাণ শুঁকে।
হারিয়ে গেছে নদী ,মজে গেছে ভালোবাসা
স্বার্থের পিছনে ছুটে টুটেছে সকল আশা।

যুগের সাথে তাল ,হচ্ছি বেসামাল
নিজেকে মহান বলে ভিড়ছে দলে দলে
সত্যি হারিয়ে আজ দাপট নেতার রাজ
চলছে লোক বলে , গায়ে পড়ছে ঢলে।

হায় রে অভাগা দেশ, রক্তমাখা লড়াই
একের জন্য অপরে, করত তখন বড়াই
আজ যেন সব মিথ্যে, সত্যটাকে খুঁজি
নকশীকাঁথার গল্প ,ছিল যে বাঁচার পুঁজি।

মা ঠাকুমা জেঠিমারা শীতের রোদে বসে
আঁকত তারা কাঁথায় সুখ দুঃখের জীবন
বেঁচে থাকার লড়াই তাদের নিত্য সংগ্ৰাম
দূরে সরিয়ে মরণ হাসিমুখে মেনে বরণ।

নস্টালজিক দিন রেখে গেছে হাজার ঋণ
হালকা স্রোতের ভেলা নয়তো শুধু খেলা
নকশীকাঁথার পান্ডুলিপি সুরের গানে স্বরলিপি
বয়ে চলে ফল্গুধারায় আজ স্রোতহীন মিসিসিপি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার