জেলার আপডেট ✍ Final Exposer

প্রবাসী আমেজ

প্রবাসী আমেজ

শিবানী চ্যাটার্জ্জী (উত্তরপাড়া, হুগলি)

কফির ধোঁয়া, চায়ের চুমুক
শীতের কাঁপন উষ্ণ ছোঁয়া ,
গল্পগুলোর বসত বাটি
আজ যেন সব যাচ্ছে খোয়া।

নলেন গুড়ের পিঠের সাথে
আসকে কিংবা সরুচাকলি,
মন্দ তো নয় নোনতা স্বাদে
মিষ্টি স্বাদের দুধের পুলি।

সংক্রান্তি যেন দাঁড়িয়ে দরজায়
চলছে প্রস্তুতি পিঠের সাজে,
পাটিসাপটা আর গোকুল পিঠে
মুগের পুলির বেশ রস রাজে।

বাড়ি ঘর ছেড়ে মেলায় মেলায়
সাজানো থাকে পিঠে পুলি,
বাঙালির সেই বাঙালিয়ানায়
নেইকো আজ আর মুখের বুলি।

হারিয়ে যাচ্ছে রীতি নীতি সংস্কার
অর্ডার দিয়ে বসে ক্ষান্ত মন,
গাড়ি ছুটিয়ে জোম্যাটো বয়
দিয়ে যেতে সময় একটুক্ষণ।

ঋতুর প্রবাহে আসবে যাবে
শীতের প্রকোপ কম বেশি ,
অনুকরণে প্রবাসী আমেজ
গুলিয়ে ফেলছি দেশি বিদেশি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার