জেলার আপডেট ✍ Final Exposer

বাবা, আমি ও পেয়ারা গাছ…

বাবা, আমি ও পেয়ারা গাছ…

জয়া ঘোষ (বনগাঁ, উত্তর চব্বিশ পরগণা)

পেয়ারা গাছের সাথে আমার শিকড়ের টান
সেই ছোট্টবেলা থে‌কে আজ অবধি —
তিনটি পেয়ারা গাছের সাথে কেটে যেত আমার
সহস্র কিশোরী দুপুর
গাছের ডালে পা ঝুলিয়ে আকাশ কুসুম কল্পনার সাথে পেয়ারার রস আস্বাদন
সে এক ভারী ভালোলাগা, সহজ জীবন
এক আধবার বাবা এসে, পেয়ারা গাছে বাঁধা দোলনায়
দোল দিয়ে যেত
আর সবচেয়ে ভালো পেয়ারাটা অনেক অনেক উঁচু থেকে সবটুকু ঝুঁকি নিয়ে বাবা আনতো
আমার ভয় করতো যদি বাবা পড়ে যায়!

এখনও প্রতিদিন দুপুরবেলা আমার পেয়ারার সাথে সখ্যতা।
এ উঠোনেও তিনটে পেয়ারা গাছ কিন্তু সবগুলোই ওই মাকাল ফলের মত।
শুধু দিনরাত্রি আমাকে স্মৃতিটুকু বাজিয়ে দেয়।
দোলনায় ভেসে ভেসে আকাশ ছুঁয়ে যাওয়া এসব
আর এখন নেই।
সব কেমন বিবর্ণ, বড় দায় ঠেকা।
এখন বাবাও আর নেই, দোলনা ঠেলে আকাশ ও দেখায়না কেউ।
পুরোনো সেইসব গাছ, পেয়ারা, সবই এখন অদৃশ্য ..
পুরোনো সেই বাড়িটায় এখন নতুন দম্পতির সংসার।
আর বাবা, বাবা এখন অন্য গ্রহে, অন্য কারো ঘরে।
অন্য কোনো পেয়ারা গাছে দোলনায় দোল দিতে দিতে আজও হয়তো ডেকে ওঠে আদরের নাম ধরে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার