জেলার আপডেট ✍ Final Exposer

অন্ধকারে আলো জ্বলে উঠুক

অন্ধকারে আলো জ্বলে উঠুক

মহুয়া বিশ্বাস (বনগাঁ, উত্তর ২৪ পরগণা)

হে জ‍্যোতির্ময়ী জ্ঞানদাত্রি দেবী
আলো জ্বালো সেই প্রাণে..যেখানে গভীর অন্ধকার,
যেখানে গভীর ক্ষত,
অগ্নি প্রজ্জ্বলনে আলোকিত হোক মানব হৃদয়ের অলি গলি ও প্রাসাদ প্রাঙ্গনে অঙ্গনে ;
ধৌত হোক কলুষিত অন্তর…
তোমার পবিত্র ধারার প্রবাহমান গতিতে।
প্রচণ্ড দহনে দহনে যে হৃৎপিণ্ড পুড়ে যায়….
সেখানে সুধা ঝরাও তোমার শান্তির বাণীতে।
নিভে যাওয়া মানব হৃদয় একবার সুতীব্র ঝংকারে বেজে উঠুক….
তোমার সুরের মোহে হৃদয়ে ফুল ফুটুক বসন্তের আগমনের বার্তার মতো ;
সঙ্গীতের সুরে বীণার তারে তারে বেজে উঠুক অন্তরে গচ্ছিত থাকা রাগ-রাগিনীর সুরধ্বনি।

নব জীবন দান করো শব্দ- ভাষার বন্ধনে স্পন্দনে
প্রাণ প্রতিষ্ঠা হোক অন্ধজনের ;
কলমের ডগা থেকে ঝরে পড়ুক স্বস্তির বাণী।
বিশ্বের কোণে কোণে আলো জ্বলে উঠুক…
প্রকৃত জ্ঞানের উৎস থেকে ঝরণার ধারার মতো প্রবাহিত হোক জ্ঞানের ধারা ,
ভরে উঠুক জীবন…
চিত্ত পরিশুদ্ধ হোক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার