আসানসোল ✍ Final Exposer

আইন ভেঙে মদ বিক্রির অভিযোগ  - খবর সংগ্রহ করতে গিয়ে রোষের শিকার সাংবাদিকরা

কৌশিক মুখার্জ্জী, সালানপুর, পশ্চিম বর্ধমান -:

      প্রশাসনের নাকের ডগায় রূপনারায়ানপুরের সামডি রোডের উপর অবস্থিত একটি বেসরকারি বার কাম রেস্টুরেন্টের সৌজন্যে নিয়ম ভেঙে নির্দিষ্ট সময়ের পরও চলছে দেদার মদ বিক্রি। আর এতেই চিন্তিত হয়ে পড়েছে এলাকাবাসী। তাদের আশঙ্কা এরফলে মদ কেনার নাম করে এলাকায় চোর, ডাকাত, ছিনতাইবাজদের আনাগোনা বেড়ে যাবে এবং পরিবেশ অশান্ত হয়ে উঠবে।

    স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অতিরিক্ত মুনাফার লোভে নিয়ম ভেঙে বারটি নির্দিষ্ট সময়ের পরও খোলা থাকছে। যদিও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বৈধ বারটির দরজা নির্দিষ্ট সময়ে বন্ধ হলেও অবৈধভাবে পাশের দরজা খুলে প্রায় সারারাত ধরে মদ বিক্রি চলতেই থাকে। ফলে কার্যত সেখানে সন্ধ্যা থেকে ভিড় লেগেই থাকে। স্থানীয়দের আশঙ্কা এরফলে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

      স্থানীয়দের কাছে জানতে পেরে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে বারের মালিক ও তার ছেলে সাংবাদিকদের দিকে রে রে করে তেড়ে আসে। ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এমনকি তাদের প্রতি ব্যক্তিগত আক্রমণ নেমে আসে। সাংবাদিকরা মদ্যপ অবস্থায় আছে বলে অভিযোগ তোলা হয়।

         স্থানীয়দের প্রশ্ন - অবৈধভাবে মদ বিক্রি করা সত্ত্বেও বার মালিক কাদের প্রশ্রয়ে এলাকায় এত দাপট দেখায়? এভাবেই তাদের সব অত্যাচার আমাদের নীরবে সহ্য করতে হবে? প্রশাসন কি নীরব দর্শক হয়ে থাকবে?

        সাংবাদিকদের বক্তব্য - বারের পক্ষ থেকে যতই বদনাম করার চেষ্টা করা হোক তারা সংবাদ সংগ্রহ করবেই, কোনো চাপের কাছে মাথানত করবেনা। বাদ যাবেনা অবৈধভাবে মদের ব্যবসাকারী বার মালিকদের প্রশ্রয় দাতারাও।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার