আসানসোল ✍ Final Exposer

আন্তর্জাতিক নারী দিবস- বেসরকারি হাসপাতালের সপ্তাহব্যাপী সেবামূলক কর্মসূচি

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-: যেকোনো ব্যবসায় লাভ করা হলো মূল লক্ষ্য।সেটিকে পরম লক্ষ্য করতে গিয়ে বহু বেসরকারি হাসপাতালের মালিকের গায়ে চিটে গুড়ের মত 'কসাই' শব্দটি লেপ্টে গেছে। সেখানে দাঁড়িয়ে আসানসোলের বেসরকারি হেলথওয়ার্ল্ড হাসপাতাল দীর্ঘদিন ধরেই ব্যতিক্রমী ভূমিকা পালন করে চলেছে। বিশেষ বিশেষ দিনে রক্তদান শিবির থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মত বিভিন্ন জনকল্যাণমূলক দৃষ্টান্ত তারা স্থাপন করে চলেছে। এবারও তার ব্যতিক্রম ঘটলনা। 'আন্তর্জাতিক নারী দিবস' এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নারীদের প্রতি সম্মান জ্ঞাপন করার জন্য তারা সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করে। এরমধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হলো, কৃতি মহিলাদের সম্মাননা প্রদান, নারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং কিছু ব্যয়বহুল পরীক্ষায় বিশেষ ছাড় দেওয়া, ভবিষ্যতে জরায়ুর ক্যান্সার থেকে সুরক্ষা দেওয়ার বালিকাদের বিনামূল্যে এইচপিভি (HPV) ভ্যাকসিন প্রদানের

পাশাপাশি নিজেদের নানান শারীরিক সমস্যা সংক্রান্ত বিষয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে খোলামেলা আলোচনা করা ইত্যাদি। কর্মসূচির প্রথম দিনই হাসপাতালের পক্ষ থেকে কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্য আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ঈপ্সিতা দত্তকে সম্বর্ধনা দেওয়া হয়। হেলথওয়ার্ল্ড হাসপাতালের চেয়ারম্যান ড. অরুণাংশু গাঙ্গুলী বলেন, সমাজ তথা জীবনের সৃষ্টি ও স্থিতির প্রধান রূপকার নারী হলেও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় আজও তারা চরম অবহেলিত। 'আন্তর্জাতিক নারী দিবস' হলো তাদের এই অপরিমিত অবদানকে স্বীকৃতি দেওয়া ও কুর্নিশ জানানোর দিন। তাই আমরা আমাদের স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে নারীদের অবদানের প্রতি যথার্থ সম্মানা প্রদানের জন্য সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তিনি আরও বললেন, হাসপাতালের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ প্রথমবারের জন্য নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটিকে আরও বৃহত্তর মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। প্রসঙ্গত এই হাসপাতালে অসংখ্য দক্ষ নারী সম্মানের সাথে কাজ করে চলেছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার