জেলার আপডেট ✍ Final Exposer

বদলে গেছে পথ

বদলে গেছে পথ

বিধান চন্দ্র (বর্ধমান)

দেখা হয়নি বহুদিন,
শুধু সময় গেছে গড়িয়ে-নীরব দিন, নির্জন রাত্রি, তোমার ছায়া আজও থাকে,
তবু হারিয়ে গেছে যেন সে চেনা পাতাটি।
তুমি আমি-দু'জনে আলাদা,
সময়ে বাঁধা নেই কোনো ছন্দ, নেই কোনো বাধা।

যদি হঠাৎ দেখা হয়,
চিনতে পারবে তো আমায়?
ভিড়ের ভেতর একটুখানি থেমে
চোখ রাখবে কিছুক্ষণ আমার চোখের ছায়ায়? বলবে কি কিছু?
না কি নিঃশব্দে মুখ ফিরিয়ে হাঁটবে,
ঠিক যেমন হাওয়া আসে-চলে যায়-
কোনো শব্দ, কোনো চিহ্ন না রেখে?

সেই তো কদিন আগেও-
কত কথা, কত হাসি, কত নির্ভরতা,
তুমি ছিলে নিজের মতো,
আমি ছিলাম-তোমার মতো আপন।

ভুলে গেছো, জানি,
তবু মনে পড়ে সেই দুপুরগুলো,
যখন কথা থামত না,
নিজের ভিতর গড়ে উঠত আমরা নামের কোনো কিছু।

আজ যেন কত বছরের অচেনা!
একটা 'হ্যালো' বলতেও কেমন সংকোচ,
একটা চেনা মুখ, তবু ভীষণ অজানা-
আমরা যেন স্মৃতির কুয়াশায় হারানো কিছু পাতা।

আজ কত বদলে গেছে!
তুমি নিজের, আমি অচেনা,
তবু একটুখানি যদি থেমে বলো-
"এই যে!",
তাহলেই হয়তো ফিরবে পুরোনো চেনা ব্যাকরণটা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার