আসানসোল ✍ Final Exposer

আসানসোলে তরুণীকে উত্যক্ত করার ঘটনায় সংঘর্ষ, মোটরবাইকে অগ্নিসংযোগ: পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আসানসোলে তরুণীকে উত্যক্ত করার ঘটনায় সংঘর্ষ, মোটরবাইকে অগ্নিসংযোগ: পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত এসবি গরাই রোডের সুকান্ত ময়দান সংলগ্ন এলাকায় বুধবার রাতে এক তরুণীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে রাস্তা দিয়ে যাওয়া এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা ক্রমশ সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন কিছু দুষ্কৃতী রাস্তার পাশে দাঁড়ানো একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়।
খবর পাওয়ামাত্র আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। এর ফলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এই ঘটনায় একজন যুবককে হেফাজতে নিয়েছে। এদিকে, আসানসোল দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরবাইকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ আরও কোনও অশান্তি এড়াতে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করেছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে, যাতে ঘটনাটি অন্য দিকে না মোড় নেয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার