আসানসোল ✍ Final Exposer

গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, পরিবারের হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

কৌশিক মুখার্জী: বারাবনি:-

বারাবনি থানার অন্তর্গত চিনচুরিয়া গ্রামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, চিনচুরিয়ার বাসিন্দা জীবন ঘোষের সঙ্গে নিরশার পূজা ঘোষের বিয়ে হয়েছিল ২০১১ সালে। তাদের দুটি ছোট ছোট সন্তানও রয়েছে।
সোমবার হঠাৎ পূজার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। কিন্তু পূজার পরিবার এটিকে আত্মহত্যা বলে মানতে নারাজ। তারা সরাসরি পূজার স্বামী জীবন ঘোষ ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে। পূজার পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার জীবন ঘোষ ফোন করে পূজার আত্মহত্যার খবর দেন।তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন,পূজার দেহ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ এর প্রতিবাদ করে এবং দেহ নিয়ে যাওয়া আটকে দেয়। এরপর তারা বারাবনি থানায় দেহ নিয়ে যান এবং জীবন ঘোষের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন।পুলিশ মঙ্গলবার সকালে দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, জীবন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পূজার পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পূজার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্তে নেমেছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে এই রহস্যের সমাধান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার