আসানসোল ✍ Final Exposer

চৌরাঙ্গী ফাঁড়িতে নতুন ভবনের উদ্বোধন ও রক্তদান শিরের আয়োজন

চৌরাঙ্গী ফাঁড়িতে নতুন ভবনের উদ্বোধন ও রক্তদান শিরের আয়োজন

কৌশিক মুখার্জী: কুলটি:- 

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী আজ কুলটি থানার অধীনস্থ চৌরাঙ্গী ফাঁড়িতে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। ফিতে কেটে এই আধুনিক ভবনের শুভ উদ্বোধন করেন তিনি, যেখানে পুলিশ ফোর্সের জন্য ব্যারাক, ফাঁড়ির ইনচার্জের অফিস রুম এবং কোয়ার্টারের ব্যবস্থা রয়েছে। এই নতুন ভবন পুলিশ কর্মীদের কাজের পরিবেশ উন্নত করার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
এদিন চৌরাঙ্গী ফাঁড়ির প্রাঙ্গনে ‘উৎসর্গ’ নামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় বাসিন্দারা উৎসাহের সঙ্গে অংশ নিয়ে রক্তদান করেন। সমাজসেবার এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে।
পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান, “রক্তের সংকট মেটাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ প্রতিটি থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করছি।” তিনি আরও বলেন, “চৌরাঙ্গী ফাঁড়ির নতুন ভবন পুলিশ কর্মীদের কাজের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই অঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট সন্দীপ করার,এসিপি কুলটি জাবেদ হোসেন,কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক , ফাঁড়ির ইনচার্জ এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। রক্তদান শিবির ও নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত হয়ে এই উদ্যোগের প্রশংসা করেন। এই ধরনের পদক্ষেপ পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন এলাকাবাসী।এই উদ্যোগের মাধ্যমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট শুধু নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, সমাজ সেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।চৌরাঙ্গী ফাঁড়ির এই নতুন ভবন ও রক্তদান শিবির এলাকার উন্নয়ন ও জনকল্যাণে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার